
নিজস্ব প্রতিবেদক | BCN Channel
ফরিদপুর: ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুক (৪০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহত তুরাগ (২২) ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স শ্রেণির ছাত্র ছিলেন।
২০২৩ সালের ১১ অক্টোবর বিকেলে বাসা থেকে বের হওয়ার পর কানা তুষার গ্রুপের সদস্যরা কৌশলে তুরাগকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয় এবং তার এক হাত কেটে নিয়ে যায়। হত্যার পর লাশ গোপন করতে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখা হয় বলে জানায় র্যাব।
ঘটনার পর নিহতের পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩২, তারিখ-১৩/১০/২০২৩, ধারা-১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০)।
মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০, ঢাকা’র অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২০ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১০। এ সময় হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুক (৪০), পিতা মৃত করিম শেখ, সাং-অম্বিকাপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।